মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের বহাল রেখেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা পিছিয়ে সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানিয়েছিলেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্টসহ উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
আছিয়ার মৃত্যুর পর আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এ মামলায় আছিয়ার বড়বোন হামিদা সহ ২৯ জন সাক্ষ্য দেন।
এছাড়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিটু শেখ। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয় ট্রাইব্যুনাল।






