শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, যেভাবে হবে শিক্ষক নিয়োগ
এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই হবে। ফলে আগের মতোই প্রিলিমিনারি (বাছাই), লিখিত ও মৌখিক—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে। আর অধ্যক্ষ-উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হয়ে আসছিল পরিচালনা কমিটির মাধ্যমে। তবে সম্প্রতি এ পদগুলোর নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে—কিছুদিন আগে এমন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠনও বিবৃতি ও বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি শিক্ষামন্ত্রী ফেসবুক পোস্টে জানান, এখনো এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।






