কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে সার বিতরণের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
আজ বুধবার সকালে কৃষকরা সোনাহাট বাজারে ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে জানতে পারে আজ সার বিতরণ করা হবে না। এতে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে এসে সার দেয়ার প্রতিশ্রুতি দিলে কৃষকেরা অবরোধ তুলে নেয়। পরে পুলিশ, বিজিবি ও আনসারের উপস্থিতে সার বিতরণ শুরু হলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, চাহিদামতো সার পাচ্ছেন না তারা। এ বিষয়ে কথা বলতে চাননি সংশ্লিষ্ট কোন কর্মকর্তা।






