১৫৫ জন যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক : নির্ধারিত গতিপথ পরিবর্তন করে লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বারাণসী থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি লখনৌতে অবতরণ করে। বিপদ সংকেত বেজে ওঠায় ১৫৫ জন যাত্রীকে নিরাপদ রাখতে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি পাইলট।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কার্গো হোলে ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম বেজে ওঠার পর সতর্কতামূলকভাবে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
সূত্রের বরাতে জানা গেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স-১২৫৩-এ ১৫৫ জন যাত্রী ছিলেন। সকাল ৮টার দিকে বারাণসী বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির কার্গো হোলে থাকা ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম সক্রিয় হয়।
পরিস্থিতি বুঝতে পেরে পাইলট লখনৌ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। সকাল ৮টা ৫২ মিনিটে বিমানটি নিরাপদে লখনৌ বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর বিমানবন্দরের জরুরি প্রতিক্রিয়া দল, দমকলকর্মী এবং কারিগরি বিশেষজ্ঞরা দ্রুত বিমানটির কাছে পৌঁছান। সকাল ৯টা ২ মিনিটে ১৫৫ যাত্রীসহ সব ক্রু সদস্যকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।
পরে বিমানটি বিস্তারিত পরিদর্শনের জন্য একটি হ্যাঙ্গারে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় বিমানের ভেতরে ধোঁয়া বা আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
কী কারণে ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম সক্রিয় হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি






