ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি ফিরে এসেছি মানুষের জন্য, বাংলাদেশের জন্য: সংসদে মির্জা আব্বাস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

আমি ফিরে এসেছি মানুষের জন্য, বাংলাদেশের জন্য: সংসদে মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস। ২০০৬ সালের পর আবার সংসদের এই কক্ষে দাঁড়ানোর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি ফিরে এসেছি মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।

আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি সংসদে উপস্থিত হন। পরে সংসদে বক্তব্য দেয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই সংসদ সদস্য।

শারীরীক অসুস্থতার কারণে তিনি না দাঁড়িয়ে বসেই বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে আবার কথা বলার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দ, গর্ব ও সৌভাগ্যের বিষয়। তবে আমার চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। চিকিৎসার মাঝপথেই কেবল মহান সংসদের প্রতি আবেগ, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে আমি অধিবেশনে যোগ দিয়েছি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর আজ আবার মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ সময় পর সংসদে ফিরে আসার এই দিনটিকে নিজের রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সংসদের যাত্রা শুরু হওয়ার পরপরই গত ১১ মার্চ ২০২৬ আমি গুরুতর স্ট্রোকে আক্রান্ত হই। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দীর্ঘ সময় ধরে আমাকে বিদেশে চিকিৎসা নিতে হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারিনি।

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমি এখনো চিকিৎসাধীন। চিকিৎসা শেষ হয়নি, বরং চিকিৎসার মাঝপথে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন