পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। কুয়াকাটা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের একদল সাবেক শিক্ষার্থী কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের ওই দোতলা স্লিপার বাসটি রিজার্ভ করেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সকালে খলিলপুর পৌঁছালে চালক বাসটির ওপর নিয়ন্ত্রণ হারান, ফলে যানটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।






