সাব্বিরকে সুখবর দিলেন হাবিবুল বাশার
স্পোর্টস ডেস্ক : সেমিফাইনাল জিতলেই টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার সুযোগ পেত বাংলাদেশ এইচপি। তবে শেষ ওভারে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশের কাছে ১ উইকেটে হেরে যাওয়ায় শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠা হয়নি।
বাংলাদেশ ফাইনালে উঠতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোহাম্মদ রুবেল। ৭ ম্যাচে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৩ উইকেট নেন এই অফস্পিনার। দারুণ ব্যাটিং করেছেন সাব্বির রহমানও। দুজনে জাতীয় দলের পরিকল্পনায় আছেন কি না এমন প্রশ্ন করা হয়েছিল হাবিবুল বাশার সুমনকে।
এক সময়কার জাতীয় দলের নিয়মিত মুখ সাব্বির ৭ ম্যাচে করেছেন ১৮৪ রান। টি-টোয়েন্টি সংস্করণে তিনি আবারও ভাবনায় আছেন কি না জানতে চাইলে হাবিবুল বলেছেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।
সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। রুবেলের মতো ও একেবারে চিন্তাভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’ সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা বলে জানান হাবিবুল।
সাবেক অধিনায়ক বলেছেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’
অন্যদিকে এশিয়ান গেমসের প্রসঙ্গ টেনে রুবেলের বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বলেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে ৩০ জনের দল দিতে হয়, সেটা দিতে হয়েছে তিন মাস আগে। গেমসের কিছু নিয়মকানুন আছে। সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফরম্যান্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’






