ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আউটসোর্সিং নীতিমালা নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ এএম

আউটসোর্সিং নীতিমালা নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে এ সংক্রান্ত সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মাছুম বিল্লাহ সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর পর্যায়ভুক্ত।

আদেশে আরও বলা হয়েছে, একই বিধিমালার ৩(খ) অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে কর্তৃপক্ষ মনে করেছে।

এর পরিপ্রেক্ষিতে বিধিমালার ১২(১) অনুযায়ী মাছুম বিল্লাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাসুমের সই করা আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশের অনুলিপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, মন্ত্রণালয়ের আইসিটি সেল, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া মাছুম বিল্লাহকেও আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন