এবার নতুন দায়িত্ব পেলেন খাইরুল কবির খোকন
এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।
এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। পদাধিকারবলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
কমিটির সদস্য হিসেবে আরও যুক্ত হয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬ আসনের শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম হান্নান, সুনামগঞ্জ-৪ আসনের নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আবদুল্লাহ আল আমীন, ভোলার এক আসনের আলী আজম মোহাম্মদ আবু বকর এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমির হামজা।
বিএনপি নেতা খায়রুল কবির খোকন নরসিংদী-১ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। খায়রুল কবির খোকন একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০২৬ সালে স্পিকার মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
খোকন ডাকসুর সাবেক নির্বাচিত জিএস ছিলেন। এছাড়াও তিনি ২০০৫ সালে উপ-নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ ইসহাকের মৃত্যুর পরে এই আসনটি শূন্য হয়। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্নাকে পরাজিত করেছিলেন।






