শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
গ্রেপ্তাররা হলেন- কসবা বারেকপাড়া এলাকার মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের এনামুল হক (৫৮), মীরগঞ্জ এলাকার জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্লাপাড়া এলাকার সজিব মিয়া (২৬), মীরগঞ্জ এলাকার মারুফ (২২), রামকৃষ্ণপুরের ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার ইয়াছিন আরাফাত (১৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা-কর্মী।
পুলিশের ভাষ্য, শেরপুর সদর উপজেলায় বিভিন্ন সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছে। এসব মিছিলের ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শু/বার্তা বাজার






