ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিকতা আর কূটনৈতিক আলোচনার বাইরে দিল্লিতে এবার ভিন্ন এক মুহূর্তের জন্ম দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
নৈশভোজের অনুষ্ঠানে পিয়ানোর সুরের সঙ্গে তিনি গেয়ে শুনিয়েছেন কিংবদন্তি ভারতীয় শিল্পী কিশোর কুমারের জনপ্রিয় একটি গান। তার সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন মালয়েশিয়ার এই নেতা।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাজনৈতিক সম্মেলন মানেই সাধারণত আনুষ্ঠানিক বক্তব্য আর গুরুত্বপূর্ণ আলোচনা। তবে ভারতের দিল্লিতে ব্রিকস সম্মেলনে গিয়ে সেই গাম্ভীর্যের মধ্যে খানিকটা ভিন্ন আবহ তৈরি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক নৈশভোজের অনুষ্ঠানে তিনি গেয়ে শোনালেন কিংবদন্তি ভারতীয় শিল্পী কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজনে ১৮তম ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে নয়াদিল্লিতে ওই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে পিয়ানোর সুরের সঙ্গে আনোয়ার ইব্রাহিম ১৯৬৫ সালের ‘তিন দেবিয়াঁ’ সিনেমার গানটি গেয়ে শোনান। গানটির সুর করেছিলেন এস ডি বর্মন এবং কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরি। তার এই পরিবেশনা মুহূর্তেই অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে। কূটনীতি আর রাজনৈতিক আলোচনায় ভরা আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক মুহূর্তে।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার গানের প্রশংসা করে অনেকে মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘স্যার, আপনি খুব ভালো গেয়েছেন। আশা করি ভারতে আপনার সময়টা দারুণ কেটেছে।’
আরেকজন লিখেছেন, ‘ইয়েমেন থেকে মালয়েশিয়া-এই দেশটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে গেছে। প্রতিটি স্মৃতি, প্রতিটি সুযোগ এবং প্রতিটি সুন্দর মুহূর্তের জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ, মালয়েশিয়া।’
আরেকজন মন্তব্য করেন, ‘বাহ, জানতাম না মিস্টার আনোয়ার এত সুন্দর গান করেন! দারুণ লাগছে। মালয়েশিয়ায় থাকা এক ভারতীয় প্রবাসীর পক্ষ থেকে অনেক ভালোবাসা।’হিন্দি সিনেমার বাইরেও ভারতীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রন (এমজিআর) এবং পুরোনো তামিল সিনেমার গানের প্রতি আনোয়ারের আগ্রহের কথা উল্লেখ করেছেন।
ব্রিকসের অংশীদার দেশ হিসেবে মালয়েশিয়া এবারের সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি ভারত ও মালয়েশিয়ার মধ্যে পৃথক বৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।






