ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর ৬০ নয়, এবার পেনশনের টাকা তোলা যাবে বয়স যত হলেই

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

আর ৬০ নয়, এবার পেনশনের টাকা তোলা যাবে বয়স যত হলেই

আর ৬০ নয়, এবার পেনশনের টাকা তোলা যাবে বয়স যত হলেই

এমটিনিউজ২৪ ডেস্ক : সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এর মধ্যে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুযোগ এবং পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাব রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পর্ষদের অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বর্তমানে সর্বজনীন পেনশনের চারটি স্কিম চালু রয়েছে। এগুলো হলো—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাদের জমা করা অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।

৫৫ বছর বয়স থেকেই পেনশন

বর্তমান নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়সে পৌঁছানোর পর পেনশন পাওয়া যায়। নতুন প্রস্তাবে পেনশন পাওয়ার বয়স ৫৫ বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রস্তাবটি অনুমোদিত হলে ৬০ বছর পর্যন্ত অপেক্ষা না করেই ৫৫ বছর বয়স থেকে পেনশন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এর আগে গত বছরের মে মাসে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের দ্বিতীয় পরিচালনা পর্ষদের বৈঠকে ৬০ বছর বয়সে পৌঁছালে জমা করা অর্থের ৩০ শতাংশ এককালীন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে এককালীন টাকা তোলার সুযোগ ছিল না।

বর্তমান ব্যবস্থায় কোনো স্কিমে যুক্ত হওয়ার পর মাঝপথে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। নতুন প্রস্তাবে পাঁচ বছর অর্থ জমা দেওয়ার পর শারীরিক বা আর্থিক কারণে অক্ষম হয়ে পড়লে বিশেষ বিবেচনায় টাকা উত্তোলনের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

পেনশনভোগীর মৃত্যুর পর তার মনোনীত স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাবও রয়েছে। বর্তমান নিয়মে চাঁদাদাতা মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পান। তিনি মারা গেলে পরিবারের অন্য কেউ সাধারণভাবে আজীবন পেনশন পান না। তবে চাঁদাদাতা ৭৫ বছর বয়সের আগে মারা গেলে তার নমিনি ৭৫ বছর বয়স পর্যন্ত অবশিষ্ট সময়ের জন্য পেনশন পাওয়ার সুযোগ পান।

সর্বজনীন পেনশনে ইসলামি সংস্করণ চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সুদভিত্তিক ব্যবস্থায় থাকতে আগ্রহী নন—এমন গ্রাহকদের বিবেচনায় নিয়ে এ উদ্যোগের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া গ্রাহকদের জন্য স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাবও রয়েছে। এ ক্ষেত্রে মাসে ১০ থেকে ২০ টাকা প্রিমিয়াম নিয়ে বিমা সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কমিশন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতি নিবন্ধনে ১৫ টাকা কমিশন দেওয়া হয়। এটি বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব রয়েছে। ব্যাংক, ডাক বিভাগ, মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান এ কমিশন পাবে।

দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও মুনাফার হার পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। পেনশন তহবিলের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের তহবিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন