হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বরের পরিবর্তে ‘ইউজার নেম’ ব্যবহারের সুবিধা চালু
আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহার করছেন অ্যাপটি। এতদিন হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর আদান-প্রদান করতে হতো। এতে গ্রুপ চ্যাট কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার সময় নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশের ঝুঁকি থাকত।
ব্যবহারকারীদের এই গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বড় পরিবর্তন আনছে মেটা। হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বরের পরিবর্তে অনন্য ‘ইউজার নেম’ ব্যবহারের সুবিধা চালু করা হচ্ছে। চলতি বছর থেকেই ধাপে ধাপে বিশ্বজুড়ে ফিচারটি চালুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ইউজার নেম বুকিং বা সংরক্ষণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
নম্বর থাকবে গোপন, যোগাযোগ হবে ইউজার নেমে
নতুন সুবিধা পুরোপুরি চালু হলে হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগের জন্য আর নিজের মোবাইল নম্বর দিতে হবে না। একটি ইউজার নেম শেয়ার করেই অন্যের সঙ্গে যোগাযোগ করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। পার্থক্য হলো, সেই নম্বর অন্য ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান থাকবে না।
হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানিয়েছেন, ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টি মাথায় রেখেই ফিচারটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার সময় ব্যক্তিগত নম্বর গোপন রেখে যোগাযোগের ক্ষেত্রে এটি কার্যকর হবে। ব্যবহারকারীরা চাইলে পরবর্তী সময়ে নিজেদের ইউজার নেম পরিবর্তন বা মুছেও ফেলতে পারবেন।
ইউজার নেম তৈরিতে যেসব নিয়ম
হোয়াটসঅ্যাপে ইউজার নেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। নামটি কমপক্ষে তিন এবং সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে হবে। এতে ইংরেজি ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে।
তবে প্রতারণা বা বিভ্রান্তি এড়াতে ইউজার নেম ‘www.’ দিয়ে শুরু করা যাবে না। নামের শেষে কোনো ডোমেইন যুক্ত করাও নিষিদ্ধ। শুধু সংখ্যা বা প্রতীক দিয়ে ইউজার নেম তৈরি করা যাবে না; এতে অন্তত একটি ইংরেজি অক্ষর থাকতে হবে।
এ ছাড়া পরিচিত ব্যক্তি, তারকা বা সরকারি কর্মকর্তাদের নাম যাতে অন্য কেউ ব্যবহার করে বিভ্রান্তি বা প্রতারণা করতে না পারে, সে জন্য কিছু গুরুত্বপূর্ণ নাম আগে থেকেই সংরক্ষিত রাখছে হোয়াটসঅ্যাপ। ফলে অন্য ব্যবহারকারীরা চাইলেই পরিচিত ব্যক্তিদের নামে ইউজার নেম নিতে পারবেন না।
ফেসবুক-ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বয়
নতুন ফিচারটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মেটার অন্য প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে এর সমন্বয়। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কনটেন্ট নির্মাতা ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহার করা একই ইউজার নেম হোয়াটসঅ্যাপেও নিতে চাইলে অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে অ্যাকাউন্টগুলো যুক্ত করে মালিকানা নিশ্চিত করতে হবে।
তবে কাঙ্ক্ষিত ইউজার নেমটি ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্য কেউ আগে ব্যবহার করে থাকলে, সেটি হোয়াটসঅ্যাপে খালি থাকলেও দাবি করা যাবে না।
ফিচারটি বর্তমানে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। নিজের অ্যাকাউন্টে সুবিধাটি এসেছে কি না, তা হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে দেখা যাবে। চালু হলে সেখানে ইউজার নেম বেছে নেওয়ার অপশন দেখা যাবে। ইউজার নেম বুকিংয়ের প্রক্রিয়াটি শুধু মোবাইল অ্যাপ থেকেই করা যাবে।
প্রাইভেসি নিয়ে নতুন প্রশ্ন
হোয়াটসঅ্যাপের মূল বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকলেও সাইবার বিশেষজ্ঞদের কেউ কেউ ব্যবহারকারীদের মেটাডেটা নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে, ইউজার নেম ব্যক্তিগত নম্বর আড়াল করার সুযোগ তৈরি করলেও এটি গোপনীয়তার সব ঝুঁকি দূর করবে না।
এদিকে নতুন ব্যবস্থায় প্রতারণা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অপব্যবহার ঠেকাতে প্ল্যাটফর্মে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে।
এর মধ্যে ‘ইউজার নেম কি’ নামে একটি বিশেষ সংক্ষিপ্ত কোড ব্যবস্থাও রয়েছে। এটি সক্রিয় থাকলে ব্যবহারকারীর নির্দিষ্ট ইউজার নেম ও ওই কোড না জানা পর্যন্ত অপরিচিত কেউ প্রথমবার তাকে মেসেজ পাঠাতে পারবে না। পাশাপাশি আগের মতোই অবাঞ্ছিত ব্যবহারকারীকে ব্লক ও রিপোর্ট করার সুবিধা থাকবে।






