নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে আটক করে পুলিশে দিল ছাত্রদল
এমটিনিউজ২৪ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালীন এক রিকশাচালককে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক রিকশাচালক বরগুনার বাসিন্দা এবং মনির নামে নিজের পরিচয় দেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না তা জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই আমরা কয়াম্পাস ও আশপাশে অবস্থান করছি। আজ দুপুরের দিকে এক রিকশাচালক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে যাচ্ছিলো। আমরা তাকে ধরে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পর হয়তো মারধর করেছে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।






