প্রেম ভেঙ্গে যাওয়ায় প্রেমিকার বাড়িতে আগুন দিল প্রেমিক!
আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া এবং নতুন করে দেওয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চরম প্রতিশোধ নিল এক যুবক। রাগের মাথায় প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গেছেন তরুণীর বৃদ্ধ বাবা।
গত শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। প্রেম ভেঙে যাওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল অভিযুক্ত যুবক। শুক্রবার সন্ধ্যায় সে সুযোগ বুঝে সুকান্তপল্লিতে প্রেমিকার বাড়িতে ঢোকে।
অভিযোগ উঠেছে, বাড়িতে ঢুকে প্রথমে তরুণীর বয়স্ক বাবাকে কৌশল করে অ্যালকোহল খাইয়ে সংজ্ঞাহীন করে ফেলে অভিযুক্ত। এরপর রাতের অন্ধকারে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ার চেষ্টা করে সে। তবে শেষ রক্ষা হয়নি; অগ্নিকাণ্ডের তাণ্ডব দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আশঙ্কজনকভাবে ঝলসে যাওয়া বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে






