তালিকায় সবার ওপরে লাহোর, তিন নম্বরে ঢাকা
আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার (৩ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তানের লাহোর। ঢাকাও খুব বেশি পিছিয়ে নেই। আছে তৃতীয় স্থানে।
আজ সকালে লাহোরের বায়ুমান সূচক বা একিউআই– ২০৪। এই তালিকায় ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই একিউআই থাকলে যেখানকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইটে সকাল সাড়ে ৮টার হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৭৩। ঢাকার (১৬৯) ঠিক পরেই চতুর্থ স্থানে আছে ভারতের দিল্লি, স্কোর ১৬৮। পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, স্কোর ১৬৫।
আইকিউ এয়ার বিভিন্ন শহরের বাতাসের মান রিয়েল টাইমে প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী বায়ুমান ০ থেকে ৫০ পর্যন্ত ভালো। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্যই অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর। আর ৩০০ ছাড়িয়ে গেলে সেটাকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।






