ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন জামায়াতের আমির
এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে মো. আবু সাদিক (সাদিক কায়েম)কে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (০৪ অক্টোবর) রাজধানীর মধুবাগে আয়োজিত দলের এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেন।
তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন।’
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।
সাদিক কায়েম সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে।…ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সে ঢাকা দক্ষিণকেও ইনশাআল্লাহ সে রকমই মনের মতো করে সাজাবে। গ্রাম পর্যন্ত আমাদের সহকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি রেজাউল করিম সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ মহানগর ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।






