যত দিন বাড়ানো হলো দুর্গাপূজার ছুটি
এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন। দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজার ছুটি বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। পাশাপাশি ১৮ ও ১৯ অক্টোবর রোববার ও সোমবার ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। সরকারি চাকরিজীবীরা এ দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলে দুর্গাপূজায় মোট সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
৭ নভেম্বর সাধারণ ছুটি
এদিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।






