সুখবর দেশে ফেরা প্রবাসী কর্মীদের জন্য, এবার যে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
এমটিনিউজ২৪ ডেস্ক : প্রবাসী কর্মীরা দেশে ফেরার পর বিমানবন্দরে যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজরদারি জোরদারের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়, যাতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত কর্মকাণ্ড না ঘটে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন।
এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।
বৈঠকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।
সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হচ্ছে।
দেশে মোট রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সক্রিয় রয়েছে ২ হাজার ১৮৭টি।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসিম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






