শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও আব্দুল কাদের মোল্লার ছবি মুছে ফেলেছে হল প্রশাসন। গতকাল রবিবার সকালে ছবিগুলো মুছে ফেলা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গত শনিবার রাতে জগন্নাথ হল সংসদের উদ্যোগে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে হলের রবীন্দ্র ভবনের সামনের সড়কে গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও আব্দুল কাদের মোল্লার ছবি আঁকেন শিক্ষার্থীরা।
তবে আয়োজক ও শিক্ষার্থীরা জানান, গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে হল প্রশাসন ওই ছবিগুলো মুছে ফেলে।
জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস জয় বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তিন রাজাকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু হল সংসদকে অবহিত না করেই প্রশাসনের লোকজন এসে ছবিগুলো মুছে দেয়।’
হল সংসদের সহসভাপতি পল্লব বর্মণ এ ঘটনাকে ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের স্বাভাবিক মত প্রকাশের অধিকার দমন করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃত্ববাদী আচরণ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশীষ পাল জানান, হল সংসদ ছবি আঁকার কোনো অনুমতি নেয়নি। তিনি বলেন, ‘তারা আলোকচিত্র প্রদর্শনীর অনুমতি চেয়েছিল। পরে অন্য শিক্ষার্থীদের অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিয়ে থাকতে পারে।
বার্তাবাজার/এমএইচ





