ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্যাম্পাসে হঠাৎ ছাত্রলীগের পোস্টার, উদ্বিগ্ন ছাত্রদল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

ক্যাম্পাসে হঠাৎ ছাত্রলীগের পোস্টার, উদ্বিগ্ন ছাত্রদল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা।

জানা গেছে, ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়কের বিদ্যুতের খুঁটিতে রঙিন পোস্টার সাঁটানো হয়। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। পোস্টারের নিচে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নামও উল্লেখ করা হয়।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংগঠনটির কোনো প্রকাশ্য কার্যক্রম দেখা না গেলেও হঠাৎ এসব পোস্টার লাগানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। ছাত্রদলের সদস্য মামুন সরকার বলেন, “ছাত্রদলের সক্রিয় কমিটি না থাকায় সাংগঠনিক শূন্যতার সুযোগ নিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। এটি ছাত্রদলের জন্য লজ্জার নয়, বরং দায়িত্বশীলদের জন্য একটি সতর্কবার্তা। অবিলম্বে শক্তিশালী কমিটি গঠন করে ক্যাম্পাসে ছাত্রদলের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ ফরাজী বলেন, “২০২১ সালে গঠিত বর্তমান কমিটি চার বছরেরও বেশি পুরোনো। কর্মী সম্মেলন হলেও ছয় মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি হয়নি। ফলে নেতৃত্বের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। এই বিভক্তির সুযোগ নিয়েই নিষিদ্ধ ছাত্রলীগ এমন দুঃসাহস দেখিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম শক্ত হাতে প্রতিহত করা হবে।”

আরেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন বলেন, হঠাৎ করে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়া এবং নতুন কমিটি না হওয়াটাও এর অন্যতম কারণ।

যুগ্ম আহ্বায়ক হাবিব আহমেদ জানান, পোস্টার লাগানোর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমান দায়িত্বশীল নেতাদের অনুপস্থিতিতে ক্যাম্পাসে এক ধরনের অভিভাবকশূন্যতা তৈরি হয়েছে। এ সুযোগেই নিষিদ্ধ সংগঠনটি সাহস দেখিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে শক্তভাবে প্রতিহত করা হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার শাকির আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সাংগঠনিক কারণে কিছুটা বিলম্ব হলেও খুব শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। নিষিদ্ধ সংগঠনের দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তবে আমরা সজাগ আছি।”

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “এই ক্যাম্পাসে নতুন কমিটির প্রয়োজন রয়েছে। বিদ্যমান নেতারা দীর্ঘদিন ধরে দায়িত্বে আছেন। পারিপার্শ্বিক কারণে কিছুটা বিলম্ব হলেও দ্রুত সময়ের মধ্যেই কমিটি দেওয়া হবে।”

এদিকে ক্যাম্পাস এলাকায় নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় শিক্ষার্থীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন