জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় জড়িত যুবককে গ্রেপ্তারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়।
এ সময় এক ছাত্রী বলেন, ‘রাগ করে রাস্তায় নাটক করলে হবে না।’ জবাবে উপাচার্য বলেন, ‘নাটক তোমরাও যেমন পারো। আমি নাটক, তোমরাও নাটক।’
শনিবার (১৬ মে) সকালে উপাচার্যের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন আন্দোলনকারীরা। এ সময় উপাচার্য বলেন, ১৭ বছরের মূল্যবোধের অবক্ষয় আমি টানছি। ১৭ বছর ফ্যাসিস্টের মধ্যে ছিলাম। ওদের বিচার, ছাত্রদের বিচার, সব অন্যায়কারীর বিচার হবে একটা লোককেও ছাড়া হবে না।
যেটা ন্যায্য সেটা আমি করব, নিয়মের বাইরে আমি যাব না। তিনি আরো বলেন, ২৪ খ্রিস্টাব্দে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনকারী ছিলাম। কোনো উপাচার্য পেয়েছিলে, যে কয়দিন দাঁড়িয়ে ছিল আমার মতো? এই যে আগের উপাচার্য, ২৪-এর আন্দোলনের সময় এই গেটের সামনে বাচ্চাগুলোকে মারছিল—ওই লোক ভেতরে বসে ছিলেন। কার সঙ্গে কাকে মিলাও? আমি রাস্তার লোক।
বার্তা বাজার/এস এইচ






