ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৫০ এএম

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মারধর ও হামলার ঘটনার পর সংবাদ পরিবেশনে ব্যবহৃত ভাষা ও শব্দচয়ন নিয়ে সাংবাদিকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অভিযোগ করে বলেছেন, ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না’ দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সোমবার বিকেলে সাবেক ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন শিক্ষার্থীর রাকসু ভবনে হামলার অভিযোগের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোস্তাকুর রহমান বলেন, ‘এত মায়াকান্না করা যাবে না। আপনারা সাংবাদিকেরা যেসব শব্দ ব্যবহার করেন, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা সেগুলো জড়ো করে করে এখানে ব্যবস্থা নেব।’

হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা বলেছেন, আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা এই শব্দ বলতে এত কাঁপাকাঁপি করেন কেন? আর আপনারা এত মায়াকান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি?’

সংবাদ সম্মেলনে রাকসুর পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রাকসু ভবনে হামলা ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার, দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত, ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতীতে নির্যাতনের সঙ্গে জড়িত ও ছাত্রলীগ-সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলায় শিক্ষার্থীদের থেকে সাংবাদিকদের মাথাব্যথা বেশি উল্লেখ করে রাকসু ভিপি বলেন, আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০-২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ‘ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন।’ সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়। তার দাবি, কোনো শিক্ষার্থী তাদের কাছে অভিযোগ করেননি; বরং সংবাদমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।

সংবাদ সম্মেলনে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমি আপনাদের সাংবাদিকতা শেখাব না। আপনারা জানেন, কীভাবে শব্দ দিয়ে মানুষকে তৈরি করতে হয়, আবার কীভাবে শব্দ দিয়ে মানুষকে ধ্বংস করতে হয়। প্রত্যেকে জুলাইয়ের খুব সামনে থেকে কাজ করছেন। এটাকে প্রতিরোধ হিসেবে কেন নিতে পারেন না?’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংস্কৃত বিভাগের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে গত রোববার রাতে প্রক্টর দপ্তরে বৈঠকের পর থেকে উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন সোমবার রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় কয়েক দফা সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় দুই শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম–সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন