ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:১৫ এএম

নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা

নিরাপদ, পরিচ্ছন্ন ও জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। বৈরী আবহাওয়ার কারণে শোভাযাত্রাটি ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসির সড়কদ্বীপে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ‘নিরাপদ, পরিচ্ছন্ন এবং জ্ঞানচর্চার ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আমরা এই শোভাযাত্রা করেছি। ক্যাম্পাসে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, গণতন্ত্র, জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে। প্রাণ-প্রকৃতি ও ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে টিমওয়ার্ক পরিচালনা করা হয়েছে।

ক্যাম্পাসসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার জন্য প্লাস্টিক বর্জ্য ও যত্রতত্র ময়লা ফেলার প্রবণতাকে দায়ী করে প্রিন্স বলেন, ব্যবহারের পর প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক পণ্য যেখানে-সেখানে ফেলে দেওয়ায় ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের নিজেদের ক্যাম্পাস আমরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

ছাত্রদলের এই নেতা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ক্যাম্পাস থেকেই সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের জন্য আনন্দময়, উৎপাদনমুখী, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশ শেষে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য নিশ্চিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন