ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চবিতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে ‘এডুকেশন এক্সপো’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

চবিতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে ‘এডুকেশন এক্সপো’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ, ভর্তি ও ভিসা প্রক্রিয়া এবং ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এডুম্যাক্স কনসালটেন্সির সহযোগিতায় আয়োজিত এ এক্সপোতে বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

১১ ও ১২ আগস্ট চবির বুদ্ধিজীবী চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ এক্সপো অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টরা অংশ নেন। শিক্ষার্থীদের জন্য ১৪টি বুথে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ ও উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

এক্সপোতে শিক্ষার্থীরা ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি ৩০০-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে আইইএলটিএসের সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে চাকসুর সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা দিতেই এ আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া ও উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা অভিজ্ঞ কনসালট্যান্টদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে এক্সপোর দ্বিতীয় দিন ১২ আগস্ট বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক শিক্ষা সেমিনার’ অনুষ্ঠিত হয়। এতে বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্কলারশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আশিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার (এশিয়া), ইরাসমাস এবং সাবেক সভাপতি, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ফোকাল পয়েন্ট নেটওয়ার্ক।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এডুকেশন এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কলারশিপ ও নিজস্ব অর্থায়নে পড়াশোনার সুযোগ সম্পর্কে জানতে পারবে। এসব তথ্য তাদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ। তাদের শিক্ষার মান, দক্ষতা ও যোগ্যতা যত উন্নত হবে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুযোগও তত বাড়বে।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এ আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে সচেতন হতে সহায়তা করবে।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া ও ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ে বিভিন্ন সেশন ও প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। বিভিন্ন বুথে শিক্ষার্থীরা সরাসরি পরামর্শকদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের দেশ, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন