ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জবির বাসে হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার চাইলেন উপাচার্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

জবির বাসে হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার চাইলেন উপাচার্য

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ দাবি জানান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটির চালক ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাউসার।

পরবর্তীতে কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসের গতিরোধ করে তিনি সহ অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভাঙা কাচের আঘাতে ৩ শিক্ষার্থী— পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন। হামলা ঠেকাতে গিয়ে বাসচালক মো. সাজ্জাদ হোসেনও আহত হন। এ ছাড়া ছাত্র উদয় চক্রবর্তী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় বাসচালক বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সিংগাইর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান আসামি কাউসার পলাতক রয়েছেন।

আজ বুধবার থানায় উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জবি উপাচার্য ড. মো. রইছ উদ্দীন হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবাইকে আশ্বস্ত করেছি, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন