ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবির শিক্ষার্থী না হওয়ায় আক্ষেপ চবি ছাত্রদল নেতা নোমানের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

ঢাবির শিক্ষার্থী না হওয়ায় আক্ষেপ চবি ছাত্রদল নেতা নোমানের

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ঢাবির শিক্ষার্থী হলে বৃহৎ পরিসরে ছাত্ররাজনীতির আরেকটি স্বপ্নের যাত্রা শুরু করতে পারতেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ আক্ষেপের কথা জানান তিনি।

পোস্টে আব্দুল্লাহ আল নোমান লেখেন, “আজ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতাম—বৃহৎ পরিসরে ছাত্র রাজনীতির আরেক স্বপ্নের যাত্রা হয়তো শুরু করতে পারতাম।” তিনি বলেন, দীর্ঘদিনের গুম, খুন, মামলা, নির্যাতন ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। জুলাই আন্দোলনও সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

জুলাই আন্দোলনের সময় নিজের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে শহীদ ওয়াসিম আকরাম অংশ নিয়ে শাহাদাত বরণ করেন উল্লেখ করে তিনি বলেন, ওয়াসিমের আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় এবং জাতীয়তাবাদী শক্তি ও ছাত্রদলের গর্বের বিষয়।

রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে নোমান বলেন, নিজের পা হারানোর ঝুঁকি নিয়েও ক্র্যাচে ভর করে আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত রাজপথে কাটিয়েছেন। শরীরের ওপর দিয়ে নির্যাতন গেলেও লক্ষ্য থেকে সরে যাননি বলে উল্লেখ করেন তিনি।

ঢাবির শিক্ষার্থী হলে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পেতেন উল্লেখ করে তিনি বলেন, “মাঝে মাঝে মনে হয়, আজ যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতাম এবং ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও বৃহৎ পরিসরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করার সুযোগ পেতাম।”

তবে পদ-পদবির চেয়ে দায়িত্ববোধকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ঢাবির শিক্ষার্থী হয়ে ছাত্ররাজনীতি করার সুযোগ না পাওয়ার আক্ষেপ থাকলেও রাজপথের কর্মী হিসেবে নিজের ভূমিকা নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

জুলাই-পরবর্তী ছাত্ররাজনীতির ধরন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন চবি ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, প্রতিহিংসা, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতির পরিবর্তে দায়িত্বশীল, সহনশীল ও গঠনমূলক ছাত্র রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন। ক্ষমতা বা প্রভাব পাওয়া মানেই প্রতিপক্ষকে দমন করা নয়; বরং ভিন্নমতের প্রতি সম্মান, মানুষের অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাই নতুন ছাত্ররাজনীতির ভিত্তি হওয়া উচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে নোমান বলেন, জুলাই-পরবর্তী সময়ে চবিকে নিরাপদ, শিক্ষাবান্ধব ও স্বাভাবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রদল কাজ করছে। ছাত্ররাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ, বাস্তব সমস্যা এবং সব মতের শিক্ষার্থীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাও ছাত্ররাজনীতির দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন অবস্থানেও দখলদারিত্ব ও হল-ক্যাম্পাসে আধিপত্য বিস্তার না করা, ভিন্নমতের শিক্ষার্থীদের হয়রানি না করা এবং প্রতিপক্ষকে শত্রু নয়, গণতান্ত্রিক সহযাত্রী হিসেবে দেখাই হতে পারে নতুন ছাত্ররাজনীতির প্রকৃত পরিবর্তন।

পোস্টের শেষাংশে শহীদ ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে নোমান বলেন, তাঁদের আত্মত্যাগ যেন শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না থাকে। তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে মানুষের অধিকার থাকবে, শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, ক্যাম্পাস হবে শিক্ষাবান্ধব এবং ভিন্নমতের প্রতি সম্মান বজায় থাকবে।

তিনি বলেন, রাজনীতি তাঁর কাছে পদ-পদবির প্রতিযোগিতা নয়; বরং মানুষের জন্য, দেশের জন্য এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য আজীবন দায়িত্ব পালনের অঙ্গীকার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন