ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাকরিতে ভাইভায় নম্বর বাড়ানোকে ‘নব্য কোটা’ আখ্যা দিয়ে ডাকসুর বিক্ষোভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম

চাকরিতে ভাইভায় নম্বর বাড়ানোকে ‘নব্য কোটা’ আখ্যা দিয়ে ডাকসুর বিক্ষোভ

সরকারি চাকরির ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষাকে (ভাইভা) ‘নব্য কোটা’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভে ডাকসু ভিপি সাদিক কায়েমও অংশ নেন।

বিক্ষোভ মিছিলে ‘বেশি মার্ক ভাইভায়, দলের লোকে চাকরি পায়’, ‘ভাইভার নামে দলীয়করণ, মানি না মানবো না’, ‘দিকে দিকে খবর দে, ভাইভা কোটার কবর দে’, ‘নব্য কোটার নাম কী, ভাইভা ছাড়া আর কী?’—সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ছাড়া ‘নিয়োগ বাণিজ্যের অপর নাম, ভাইভায় বেশি মার্ক’ এবং ‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হয় পয়সায়’ স্লোগানও দেন বিক্ষোভকারীরা।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সেখানে তিনি বলেন, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। এর প্রতিবাদেই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, যে পথে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে দেশছাড়া করা হয়েছিল, আপনারাও যদি একই পথ অবলম্বন করতে চান, চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে আসতে চান কিংবা ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয়করণ ও স্বজনপ্রীতির অপচেষ্টা করেন, তাহলে আপনারাও বেশিদিন বাংলাদেশের মাটিতে টিকতে পারবেন না।

তিনি বলেন, এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ডাকসুর নেতৃত্বে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামেন। পরবর্তীতে সরকার ওই উদ্যোগ থেকে সরে আসতে বাধ্য হয়।

বিক্ষোভে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, ক্ষমতায় আসার পর ছয়-সাত মাসে সরকারের বিভিন্ন ব্যর্থতা রয়েছে। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ, গ্রামাঞ্চলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বিএনপি সরকার দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারি চাকরির নিয়োগে মেধার পরিবর্তে স্বজনপ্রীতি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ তৈরি করছে।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার তুলনায় ভাইভায় নম্বরের গুরুত্ব বাড়ানোর সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, বিএনপির সংসদ সদস্যদের কেউ কেউ ‘রিটেনটা কোনোমতে পাস করো, ভাইভাতে আমরাই দেখছি’—এমন বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের জন্য ‘ভাইভা কার্ড’ তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েমের অভিযোগ, এ ধরনের ব্যবস্থা চালু হলে মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, অর্থ, ঘুষ, চাঁদা এবং স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে দেশের বিপুলসংখ্যক বেকার যুবক ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ২৪তম বিসিএসে বগুড়া আজিজুল হক কলেজ থেকে শতাধিক পুলিশ কর্মকর্তা নিয়োগ পাওয়ার ঘটনা ঘটেছিল। তার দাবি, বর্তমানে একই ধরনের ‘ভাইভা কার্ড’ বা রাজনৈতিক প্রভাবনির্ভর নিয়োগব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

সাদিক কায়েম বলেন, ভাইভা কার্ড বা কোটা কার্ড বাতিল করা না হলে জুলাই আন্দোলনের চেয়েও শক্তিশালীভাবে দেশের প্রতিটি ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরির ১১–২০ গ্রেডের পদে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার নতুন মানবণ্টনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১১–১২ গ্রেডে ১০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ১৩–১৬ গ্রেডে লিখিত পরীক্ষায় ৬০ এবং মৌখিক পরীক্ষায় ৪০ নম্বর রাখা হয়েছে। আর ১৭–২০ গ্রেডে লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার প্রস্তাব করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় ঠেকাতে নতুন মানবণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন