উচ্চ আদালত সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অমর্যাদাকর’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল করেছেন একজন আইনজীবী।
বুধবার (২৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ অভিযোগ দায়ের করেন। এর আগে গত ২৪ মে সারজিস আলমকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করায় তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় অভিযোগ গঠনের পথে হাঁটেন তিনি।
নোটিশে বলা হয়, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ফেসবুকে দেওয়া স্ট্যাটাস সম্পর্কে লিখিত ব্যাখ্যা দিতে হবে। শুধু তা-ই নয়, ২ ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের কাছেও দুঃখপ্রকাশ করার আহ্বান জানানো হয়। তা না হলে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন নোটিশদাতা আইনজীবী।
নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. জসিম উদ্দিন।
ঘটনার সূত্রপাত হয় একটি হাইকোর্টের রায়কে কেন্দ্র করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট বাতিল চেয়ে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। ২২ মে সকালে রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
এরপর সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই রায় নিয়ে একটি মন্তব্য করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং নোটিশে তা ‘বিচার বিভাগের প্রতি অবমাননাকর’ হিসেবে চিহ্নিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, “রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সারজিস আলমের মন্তব্যে, যা আদালত অবমাননার শামিল।”
বর্তমানে বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে, এবং অভিযোগের পরবর্তী পদক্ষেপের দিকে দৃষ্টি রাখছেন সংশ্লিষ্ট মহল।






