ধানমন্ডিতে মো. রিয়াজ (২৩) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং নুরু মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি যাত্রাবাড়ি থানার বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদনও অনুমোদন পেয়েছে।
বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী।
সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার একটি হত্যাচেষ্টা মামলায়, আনিসুল হককে একই থানার হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার আবেদন করেছিল।
রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া ও সোহানুর রহমান আজাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার।
আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তিন আসামির দুই দিনের রিমান্ডের অনুমতি দেন। সোহানুর রহমান আজাদের রিমান্ড বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বলে জানান আদালত।
গ্রেপ্তার দেখানো ব্যক্তিদের মধ্যে আমির হোসেন আমুকে একটি হত্যাচেষ্টা মামলায়, ইনু ও মেননকে একটি হত্যাচেষ্টা এবং দুটি হত্যা মামলায়, পলককে দুটি মামলায়, মনিরুল ইসলাম মনুকে দুটি হত্যা মামলায়, কামরুল ইসলাম ও আতিকুল ইসলামকে একটি হত্যাচেষ্টা মামলায়, জাহাঙ্গীর আলম ও টুসীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলা যাত্রাবাড়ি থানায় দায়ের।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা যাওয়ার পথে মো. রিয়াজ গুলিবিদ্ধ হন। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট তার মৃত্যু হয়। এরপর নিহতের মা ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।






