ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সুবিধা চালু করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তিনটি হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলাম এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চিফ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, “আদালতে হাজত অসুস্থ ও অচল আসামিদের মানবাধিকার রক্ষা ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে এই হুইল চেয়ারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি তাদের আদালতে উপস্থিতির প্রক্রিয়া সহজতর করবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের আরও বলেন, “আদালতে পুলিশিং সেবায় ১০০% কার্যকরতা নিশ্চিত করতে অক্ষম আসামিদের জন্য হুইল চেয়ার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার সম্পর্কিত যে কোনো সেবায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো।”






