টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জেলার ১২টি উপজেলার ১৩টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী নেতাকর্মী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে নজরদারিতে ছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ি, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল, গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। অভিযানের সময় একাধিক থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দণ্ডবিধি ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ও বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ অনুযায়ী একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে।
বার্তা বাজার/এমএমএইচ





