জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে ঢাকার গুলশান থানায় করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা জশিতা ইসলামের আদালত আসামিকে এক হাজার টাকা মুচলেকায় এই আদেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপরিদর্শক মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ এপ্রিল রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকার ভাড়াটিয়া বাসা থেকে আসামি নাসিমকে গ্রেফতার করা হয়। পরিদন আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারণ করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশানে নিজ বাসায় অবস্থানকালে বাদী মো. নজরুল ইসলাম দেখতে পান বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ‘সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ’ এই ক্যাপশনে ফেসবুকে পোস্ট করে। পরবর্তীকালে ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন তারিখ ও সময়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ ও প্রচার করতে থাকে। অজ্ঞাতনামা আসামির হোয়াটসঅ্যাপ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করতে থাকেন।
এই ঘটনায় চিফ হুইপের কর্মী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করেন।
বার্তা বাজার/এমএমএইচ






