রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে সাবেক মেয়র আতিকুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. সোহাগ হাসান। তিনি জামিন নামঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এজাহারভুক্ত ৯ নম্বর আসামি হিসেবে কারাগারে আটক রয়েছেন। আজ তার আইনজীবীরা জামিনের সওয়াল-জবাব করলেও আদালতের বিচারক অপরাধের গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদনটি সরাসরি নাকচ করে দেন।
বার্তা বাজার/এমএমএইচ






