বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।
রবিবার (২৪ মে) সকালে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন গত ২৩ মে ২০২৬ (শনিবার) সন্ধ্যা আনুমানিক ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার (২৪ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য।
তিনি ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে নেতৃত্ব দেন।
ইউসুফ হোসেন হুমায়ুন ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল হতে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ হতে ইন্টারমিডিয়েট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আইনজীবী হিসেবে ১৯৬৬ সালে পেশা শুরু করেন এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য তালিকাভুক্ত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ইউসুফ হোসেন হুমায়ুন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ও আইনজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বার্তা বাজার/এমএমএইচ






