রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ও বুধবার (৩ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—পাবনার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল হক রানা (৩৮), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭), হাজারীবাগ থানা আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন রুবেল (৪৫), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরিফ হোসেন (৪৬), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কাজী আবু দাউদ লালন (৫৯), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মোখলেসুর রহমান মুকুল (৩১), শাহবাগ থানা যুবলীগের সভাপতি মোস্তফা (৫৫), আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নাসিরুল কবির কায়েম (৩৫), মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন কুমার দাস (২৮), মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সোহেল (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজ হোসেন (২৭), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য জহুরুল ইসলাম (৪৮), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান রনি (৩০) ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)।
ডিএমপি জানায়, মঙ্গলবার বিকাল থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, লালবাগ, ডেমরা, খিলক্ষেত, শ্যামপুর, মতিঝিল, পল্টন, শ্যামলী, আদাবরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হয়।
সম্প্রতি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকেই ডিবি ও আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযানে নেমেছে। এর অংশ হিসেবেই একের পর এক দলের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানিয়ে ডিএমপি।





