বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এবং আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম এয়ার৮ সম্প্রতি একটি সমঝোতা স্মারকে (MoU) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের ফলে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানিকারকেরা সহজে ও দ্রুত আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার, রাজধানীতে বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিজিবিএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সহযোগিতার মাধ্যমে বিজিবিএর সদস্যরা এয়ার৮-এর উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রপ্তানি কার্যক্রম পরিচালনায় আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর সুবিধা গ্রহণ করতে পারবেন।
চুক্তির আওতায় সদস্যরা চলতি মূলধন ব্যবস্থাপনায় সহজ অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক পরিকল্পনা বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এতে করে বস্ত্র খাতে সাপ্লাই চেইনের বিদ্যমান জটিলতা কমিয়ে রপ্তানি সক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজিবিএ সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, “এয়ার৮-এর সঙ্গে এই অংশীদারত্ব আমাদের সদস্যদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে উদ্ভাবনী আর্থিক সমাধান ও পরামর্শ খুব জরুরি, বিশেষ করে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে।”
এয়ার৮-এর প্রেসিডেন্ট এলভিন হো বলেন, “বাংলাদেশের টেক্সটাইল এসএমই রপ্তানিকারকদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা শুধু অর্থায়নই নয়, আন্তর্জাতিক বাজার সম্পর্কে গভীর ধারণা ও কাঠামোগত সহায়তাও পাবেন।”
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলাভজনক ব্যবসায়িক সংগঠন হিসেবে বিজিবিএ দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছে। অপরদিকে, এয়ার৮ তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তির মাধ্যমে বিজিবিএর সদস্যদের আরও শক্তিশালীভাবে বৈশ্বিক বাণিজ্যে অংশ নিতে সহায়তা করবে।
এই সমঝোতা স্মারক রপ্তানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরও উদ্ভাবনী ও টেকসই ভিত্তির ওপর গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।





