সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গেম চেঞ্জার’ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় কিছুটা চাপে পড়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। দর্শক-সমালোচকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়ার পর নতুন উদ্যমে ক্যারিয়ারের ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি।
এই মুহূর্তে রাম চরণ কাজ করছেন ‘পেডি’ নামের একটি সিনেমায়, যার পরিচালনায় আছেন ‘উপেন্না’ খ্যাত বুচি বাবু সানা। এরপর তাকে দেখা যাবে 'পুষ্পা' খ্যাত পরিচালক সুকুমারের সঙ্গে একটি অ্যাকশনধর্মী ছবিতে। যদিও সুকুমারের এই প্রজেক্ট সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।
ইতোমধ্যে ফিল্মপাড়ায় শোনা যাচ্ছে, রাম চরণ হয়তো জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন। ‘অ্যানিমেল’-এর পরপরই এই নতুন মেলবন্ধনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে সিনেজোশ নামক একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের দাবি, এই খবর নিছক গুজব। তাদের সূত্র বলছে, সুকুমারের ছবির শুটিং শুরু হওয়ার আগে রাম চরণের হাতে কিছুটা সময় ফাঁকা রয়েছে, এবং সেই সময় তিনি নতুন একটি প্রজেক্টে কাজ করার কথা ভাবছেন। যদিও তিনি একটি গল্প পছন্দ করেছেন, তবু পরিচালক হিসেবে কাকে নেওয়া হবে—তা এখনো চূড়ান্ত নয়। প্রযোজনা প্রতিষ্ঠান সন্দীপ রেড্ডি ভাঙ্গার নাম প্রস্তাব করায় গুঞ্জনের সূত্রপাত।
অন্যদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে ব্যস্ত আছেন প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ছবির প্রস্তুতি নিয়ে। জানুয়ারিতে শুটিং শুরুর কথা থাকলেও প্রভাসের শারীরিক জটিলতার কারণে কাজ পিছিয়ে গেছে। আগামী কিছু মাসের মধ্যে শুটিং শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
‘স্পিরিট’-এর পরেই পরিচালক মন দেবেন ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’-এ। অর্থাৎ তার শিডিউলও যথেষ্ট চাপযুক্ত।
ফলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে রাম চরণের পরবর্তী ছবিতে সত্যিই থাকছেন কিনা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আপাতত এসব খবরকে ‘গুঞ্জন’ হিসেবেই ধরছেন ভক্তরা।





