স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব বর্তমানে প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকার সাত হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধি নিয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে।
তবে তিনি অভিযোগ করেন, চিকিৎসকরা সময়মতো হাসপাতালে উপস্থিত হচ্ছেন না। তিনি চক্ষু চিকিৎসকদের মধ্য যারা ভালো কাজ করছেন, তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
নূরজাহান বেগম আরও বলেন, গ্রামীণ অঞ্চলে ভালো চিকিৎসকের অভাব রয়েছে, তাই প্রয়োজন অনুসারে তাদের সেখানে যাওয়া উচিত। এছাড়াও সবাইকে এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার সমাধানে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ করলে, তিনি দ্রুত এসব সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন।
ড. ইউনূস বলেন, স্বাস্থ্য খাতের বহুকালীন সমস্যাগুলো মোকাবেলায় এই সংস্কার কমিশনের প্রতিবেদন যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে যদি সঠিক সমাধান পাওয়া যায়, তবে তা দেশের জন্য বড় পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, কমিশনের যে সুপারিশগুলি তাত্ক্ষণিকভাবে প্রয়োগযোগ্য, সেগুলোর প্রতি সংশ্লিষ্ট সবাইকে এখনই বিশেষ মনোযোগ দিতে হবে।





