ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫:
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)-এর ২৮তম কংগ্রেসে কাউন্সিল অব অ্যাডমিনিস্ট্রেশন (CA)-এর সদস্যপদে পুনরায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কংগ্রেসে এই নির্বাচন সম্পন্ন হয়। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলো।
UPU-CA হলো সংস্থাটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন, যা বৈশ্বিক ডাকসেবার নীতি প্রণয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি আন্তর্জাতিক ডাক সার্ভিসের উন্নয়ন, কংগ্রেসে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন, বাজেট অনুমোদন, তহবিল ব্যবস্থাপনা, সদস্য দেশগুলোর চাঁদা নির্ধারণ, মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি প্রণয়ন এবং গবেষণা ও নীতিনির্ধারণমূলক সিদ্ধান্ত গ্রহণসহ নানামুখী দায়িত্ব পালন করে থাকে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব-এর দায়িত্বকালীন সময়ে UPU-এর আর্থিক সহায়তায় ডাক বিভাগের মাঠ পর্যায়ের রানারদের জন্য ৫০টি ইজিবাইক বরাদ্দ করা হয়েছে। এতে সেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সাফল্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ অবদান রেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দুবাইয়ে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত।
উল্লেখ্য, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক ডাকসেবার নীতি নির্ধারণ ও সমন্বয়ে কাজ করে থাকে। পুনর্নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এখন বৈশ্বিক ডাক খাতের আধুনিকায়ন, ই-কমার্স ও ডিজিটাল ডাকসেবা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এই অর্জন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।





