যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো পাল্টা আঘাত হানবে ইরান। শনিবার (৭ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামের ১৭তম আসরের ফাঁকে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, আমরা (এই) অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানব। কারণ সেগুলো আমাদের নাগালের মধ্যে থাকা লক্ষ্যবস্তু।’
তিনি স্পষ্ট করেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে হামলা চালাবে না। তবে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে পাল্টা হামলা চালানো হবে। ইরানের সশস্ত্র বাহিনী ‘যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে কালবিলম্ব না করে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, আমরা বরাবরই বলে এসেছি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। কারণ এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি কার্যক্রম। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের রয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকা উচিত।
এদিকে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘ভালো সূচনা’ হিসেবে বর্ণনা করেছেন আরাগচি। তবে সতর্ক করে বলেছেন, পারস্পরিক আস্থা গড়ে তুলতে সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছিল পরোক্ষ এবং কেবল পরমাণু ইস্যুতেই সীমাবদ্ধ। আর অর্থনৈতিক সুবিধা ছাড়া কোনো চুক্তির কার্যকারিতা থাকবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
সূত্র: প্রেস টিভি
বার্তা বাজার/এমএমএইচ





