ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সউদী যুবরাজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সউদী যুবরাজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ইরান বিরোধী সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্যের রাজনীতি পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক একাধিক ফোনালাপে তিনি ইরানের ওপর হামলা অব্যাহত রাখার জন্য জোরালো তাগিদ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বর্তমান কট্টরপন্থী সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে অভিযান এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সউদী নেতা যুক্তি দেখিয়েছেন যে, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি এবং এই সরকারকে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সউদী যুবরাজের এই পরামর্শ সউদী আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহর সেই বিখ্যাত উক্তিরই প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানকে ‘সাপের মাথা’ হিসেবে অভিহিত করে তা কেটে ফেলার জন্য ওয়াশিংটনকে অনুরোধ করেছিলেন।

এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

তবে সউদী আরবের রাষ্ট্রীয় সূত্রগুলো এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছে। আল আরাবিয়া নিউজের এক সংবাদে দাবি করা হয়েছে, নিউইয়র্ক টাইমসের এই খবরটি ভিত্তিহীন এবং সউদী আরব এই অঞ্চলে সামরিক সংঘাত এড়াতে সবসময়ই শান্তিকামী ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধের জন্য আগামী ২৭ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়সীমার মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন