ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার গুজরাটের ভূজ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। যতো সময় লাগে নাশতা-পানি খেতে, তত সময়েই অপারেশন সম্পন্ন হয়।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সামরিক শক্তির কেবল এক ঝলকমাত্র—“পুরো ছবি সময় হলে দেখা যাবে”।
ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিয়ে প্রশংসা
রাজনাথ সিং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রেরও প্রশংসা করেন। তিনি বলেন, “দিনের আলোয় তারা দেখানোর মতোই এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, রাতের অন্ধকারেও ভারতের শক্তি কতটা উজ্জ্বল।”
পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক নজরদারিতে রাখার প্রস্তাব
কাশ্মীর সফরকালে প্রতিরক্ষামন্ত্রী শ্রীনগরের বাদামিবাগ সেনাছাউনিতে সাংবাদিকদের বলেন, “পাকিস্তানের মতো একটি দেশের হাতে পরমাণু অস্ত্র থাকা সুরক্ষিত নয়। এসব অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) অধীনে রাখা উচিত।”
IMF ঋণ নিয়ে ভারতের আপত্তি
ভূজে দেওয়া বক্তৃতায় রাজনাথ সিং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্তৃক পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এই অর্থ পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পুনর্গঠনে ব্যয় করতে পারে। তাই IMF-এর উচিত এই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।”
ভারতের অভিযোগ, পাকিস্তান পূর্বশর্ত পূরণে ব্যর্থ হয়েছে, অথচ তবু ঋণ অনুমোদন পেয়েছে। বিষয়টি নিয়ে ভারত ৯ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকেও উদ্বেগ প্রকাশ করেছে।
ভারত-পাকিস্তান আর্থিক নীতির পার্থক্য তুলে ধরেন রাজনাথ
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তান বারবার IMF-এর কাছে হাত পাতে, আর ভারত নিজেই অন্য দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য IMF-কে অর্থ দেয়। এটাই দুই দেশের পার্থক্য।”
সফল অপারেশনের প্রচারে দেশজুড়ে ‘তেরঙা যাত্রা’
অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে বিজেপি ‘তেরঙা যাত্রা’ নামে ১১ দিনের দেশব্যাপী প্রচারণা শুরু করেছে। পাশাপাশি পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনাও করা হয়েছে।
সংসদ অধিবেশন ও সর্বদলীয় বৈঠক ঘিরে বিরোধীদের দাবি
এদিকে পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন আহ্বান ও প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণের দাবি জানালেও এখনো তা মানা হয়নি। যদিও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।





