কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন যুগে পা রাখলো বিশ্ব। এবার চিকিৎসা জগতে বড় চমক নিয়ে হাজির হলো সৌদি আরব—প্রথমবারের মতো চালু করলো একটি পূর্ণাঙ্গ এআই-চালিত ক্লিনিক, যেখানে রীতিমতো রোগী দেখছে এআই চিকিৎসক ডা. হুয়া।
চীনের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান SinoHealth AI ও Almoosa Health Group এর যৌথ উদ্যোগে সৌদির আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে ক্লিনিকটির কার্যক্রম শুরু হয়েছে। রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম এই আধুনিক ব্যবস্থা চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
🔬 কীভাবে কাজ করে এআই চিকিৎসক?
রোগীরা ক্লিনিকে উপস্থিত হওয়ার পর একটি ট্যাবলেট কম্পিউটারে নিজের শারীরিক উপসর্গ ও তথ্য দিয়ে থাকেন। সেই তথ্য বিশ্লেষণ করে এআই ডা. হুয়া রোগীর সঙ্গে কথোপকথন শুরু করে—প্রশ্ন করে, উপসর্গ বুঝে এবং প্রয়োজন অনুযায়ী প্রেসক্রিপশনও দেয়।
এই চিকিৎসা ব্যবস্থায় একটি বড় দিক হলো, মানব চিকিৎসকরা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। জরুরি বা জটিল রোগ নির্ণয়ে তাদের হস্তক্ষেপের সুযোগ থাকছে।
🌬️ কোন রোগের চিকিৎসা দিচ্ছে এআই?
বর্তমানে এই এআই ক্লিনিক শ্বাসযন্ত্রের প্রায় ৩০টি রোগ, যেমন হাঁপানি ও ফ্যারিঞ্জাইটিস এর চিকিৎসা দিচ্ছে। তবে ভবিষ্যতে গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল ও চর্মরোগসহ আরও ৫০টির বেশি রোগ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সিনির তথ্যমতে, বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির ত্রুটির হার মাত্র ০.৩ শতাংশ। ক্লিনিকটির প্রাপ্ত ডায়াগনস্টিক ডেটা ১৮ মাসের মধ্যে সৌদি সরকারের অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।
💬 কী বলছেন উদ্ভাবকরা?
Sino AI-র সিইও ঝাং শাওডিয়ান জানিয়েছেন:
"আগে এআই ডাক্তারদের সহায়ক হিসেবে দেখা হতো। এখন আমরা এমন এক পর্যায়ে যাচ্ছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে সক্ষম।"
চীনের সরকার, Tencent, GGV Capital, এবং Hongshan Capital এই চিকিৎসা প্রযুক্তির বিকাশে অর্থায়ন করছে।
📌 রেডিও বার্তার মতামত
বিশ্ব স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লব নিঃসন্দেহে একটি যুগান্তকারী অধ্যায়। প্রযুক্তিনির্ভর চিকিৎসা মানুষের চিকিৎসা সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তুলতে যাচ্ছে বলে আশা করা যায়।





