ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে একটি পরিবারের আট সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানী কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান শনিবার জানান, নিহতদের মধ্যে কেবল দুই বছর বয়সী একটি শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর দিয়েছে আল জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে এবং এর গভীরতা ছিল প্রায় ১৮৬ কিলোমিটার। সেখান থেকে রাজধানী কাবুলের দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

উৎপত্তিস্থলের কাছাকাছি দুর্গম এলাকাগুলো থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। সাধারণত এসব অঞ্চল থেকে রাজধানীতে তথ্য পৌঁছাতে সময় লাগে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। এছাড়া পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চিত্রাল, সোয়াত ও শাংলা অঞ্চলেও ভূকম্পন টের পাওয়া গেছে।

ভৌগোলিকভাবে হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন এবং ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় ৫৬০ জন মানুষ ভূমিকম্পে প্রাণ হারান।

এর আগে গত বছরের আগস্টে দেশটিতে আঘাত হানা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০০ মানুষ নিহত হন। ৬ মাত্রার ওই অগভীর ভূমিকম্পে পাহাড়ি বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যার বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে কুনার প্রদেশে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন