২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা। প্রাথমিক হিসাব অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন, শুক্রবার। গালফ নিউজের বরাতে এমনটাই জানিয়েছে আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
সংস্থার বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ২৮ মে (বুধবার) জিলহজ মাসের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে আরাফাহ দিবস এবং পরদিন অর্থাৎ ৬ জুন শুক্রবার পড়বে ১০ জিলহজ, যেদিন উদযাপিত হয় ঈদুল আজহা।
তবে তিনি সতর্ক করে বলেন, এসব তারিখ এখনো আনুমানিক। ইসলামী মাস গণনার ভিত্তি চাঁদ দেখার ওপর নির্ভর করায়, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শাওয়াল মাস শেষে চাঁদ দেখা সাপেক্ষে।
প্রত্যাশা করা হচ্ছে, আমিরাতে ঈদের ছুটি শুরু হবে ৫ জুন আরাফাহ দিবস থেকে, যা অন্তত তিন দিন স্থায়ী হতে পারে। সরকারি ঘোষণার মাধ্যমে ছুটির নির্দিষ্ট সময়সীমা ঈদের প্রাক্কালে জানিয়ে দেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের কোটি কোটি মুসলমান এই দিনটির অপেক্ষায় থাকেন। ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা কুরবানির মাধ্যমে পালন করা হয়।





