ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে’, পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম

‘আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে’, পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান শান্তি ও স্থিতিশীলতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও তার সঙ্গে আগত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী মুনির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে ওয়াশিংটনের বার্তা নিয়ে তেহরানে পৌঁছান।

বৈঠক শেষে প্রকাশিত এক বার্তায় আরাকচি বলেন, ‘ফিল্ড মার্শাল মুনিরকে ইরানে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ এ সময় পাকিস্তানের আয়োজিত শান্তি আলোচনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘গভীরতা ও দৃঢ়তার’ প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে আমাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে।’

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও চুক্তি ছাড়াই তা শেষ হয়। তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

এদিকে সোমবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউইয়র্ক পোস্ট’-কে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘দুই দিনের মধ্যে’ আবার শুরু হতে পারে। পত্রিকাটিকে ট্রাম্প বলেছিলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যেতে বেশি আগ্রহী।’

এরপর মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়িও নিশ্চিত করেন, পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান ‘অব্যাহত’ রয়েছে।

সূত্র: সিএনএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!