ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যোগ দিচ্ছে জার্মানি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যোগ দিচ্ছে জার্মানি

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যোগ দিচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক মাইন অপসারণ অভিযানে যোগ দেবে জার্মানি। এ লক্ষ্যে শিগগিরই ভূমধ্যসাগরে একটি মাইন অপসারণকারী জাহাজ পাঠাবে দেশটি।

বার্তা সংস্থা এএফপিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর মাইন অপসারণ জাহাজ ‘ফুলডা’ আগামী কয়েক দিনের মধ্যে মোতায়েন করা হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক জোটে জার্মানি একটি উল্লেখযোগ্য ও দৃশ্যমান অবদান রাখতে চায়।

বিবৃতিতে জানানো হয়েছে, ৪৫ জন ক্রুসহ জাহাজটি মোতায়েন করা হবে। তবে হরমুজ প্রণালিতে এই কার্যক্রম কেবল তখনই শুরু হবে, যখন দুই পক্ষের মধ্যে স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়া যাবে।

এর আগে তুরস্কও ঘোষণা করেছিল, যুদ্ধ শেষ হলে তারা হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে যোগ দিতে আগ্রহী। মূলত আন্তর্জাতিক এই জোটের লক্ষ্য সংঘাত পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথকে নিরাপদ রাখা। সূত্র : আল-জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!