ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সঙ্কটকালে যেভাবে দেওয়াল হয়ে দাঁড়ায় মার্কিন সিক্রেট সার্ভিস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

সঙ্কটকালে যেভাবে দেওয়াল হয়ে দাঁড়ায় মার্কিন সিক্রেট সার্ভিস

ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে তখন উৎসবের আমেজ। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে সস্ত্রীক উপস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই হাস্যেজ্জ্বল পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নেয় যখন এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করেন। সাধারণ অতিথিরা কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় সিক্রেট সার্ভিসের সেই বিশেষ তৎপরতা, যার জন্য তারা বিশ্বজুড়ে পরিচিত।

গুলির শব্দ শোনা মাত্রই সিক্রেট সার্ভিসের ‘কাউন্টার অ্যাসাল্ট টিম’ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সাবেক এফবিআই এজেন্ট জশ ক্যাম্পবেলের মতে, এ ধরনের পরিস্থিতিতে এজেন্টদের প্রধান লক্ষ্য থাকে ‘কভার অ্যান্ড ইভাকুয়েট’। অর্থাৎ, দেহ দিয়ে সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। ট্রাম্প ও মেলানিয়াকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার আগে এজেন্টরা নিজেদের শরীরকে মানববর্ম হিসেবে ব্যবহার করেন।

প্রেসিডেন্ট যখনই কোনো ভেন্যুতে যান, সেখানে আগে থেকেই একটি ‘হোল্ড রুম’ বা অত্যন্ত সুরক্ষিত কক্ষ প্রস্তুত রাখা হয়। শনিবারের হামলার পর ট্রাম্পের মোটরকেড (গাড়িবহর) চলা শুরু করার আগে যে সময়ের ব্যবধান ছিল, তা থেকে স্পষ্ট যে তাকে প্রথমে সেই গোপন ও সুরক্ষিত কক্ষেই নেওয়া হয়েছিল। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে তাকে গাড়িতে করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলা ঠেকানোর সময় সিক্রেট সার্ভিসের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে সৌভাগ্যবশত গুলিটি তার বুলেটপ্রুফ জ্যাকেটে আঘাত করায় তিনি বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট যে এলাকায় থাকেন তা ‘হার্ডেনড টার্গেট’ বা দুর্ভেদ্য দুর্গের মতো করা হয়। তবে প্রবেশপথের মেটাল ডিটেক্টর বা ম্যাগনেটোমিটারের বাইরের এলাকাগুলো সবসময়ই কিছুটা ঝুঁকিপূর্ণ থাকে। হামলাকারী ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী এক তরুণ বলে শনাক্ত করা হয়েছে। সে কীভাবে একাধিক অস্ত্রসহ এত ভেতরে পৌঁছাতে পারল, তা নিয়ে এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।

ঘটনার এক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ সিক্রেট সার্ভিসের ভূয়সী প্রশংসা করে জানান, তাদের বীরত্ব ও দ্রুত তৎপরতার কারণেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!