ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রুশ রাষ্ট্রদূত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রুশ রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, হরমুজ প্রণালিতে যান চলাচল সীমিত করা এবং তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোকে ভণ্ডামি ও জলদস্যুতার জন্য অভিযুক্ত করেছেন। খবর আল জাজিরার।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, সম্পূর্ণ দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, যুদ্ধের সময় আক্রমণের শিকার কোনো উপকূলীয় রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে তার আঞ্চলিক জলসীমায় নৌচলাচল সীমিত করতে পারে।

নেবেনজিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেছেন এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলাকে সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন।

তিনি বলেন, জলদস্যুরা যেমন তাদের জাহাজে খুলি ও হাড়ের চিহ্নযুক্ত কালো পতাকা ওড়ায়, পশ্চিমা দেশগুলো তার থেকে ভিন্নভাবে একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের অজুহাতে তাদের বেআইনি কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পুতিন ও আরাঘচির মধ্যকার বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাশিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন নিশ্চিত করেন যে মস্কো তেহরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।

অন্যদিকে আরাঘচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!